নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি এলাকায় কুমিল্লা বিভাগীয় সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ মার্চ ২০২৬ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ডক্টর জমিরুল আকতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ও আলোচকরা কুমিল্লাকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বক্তারা বলেন, কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা সময়ের দাবি এবং এ লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও দুর্নীতি বিরোধী কমিশনের সমন্বয়ক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, আবু ইউসুফ রিপন, ইঞ্জিনিয়ার আবদুস সাত্তার, বিশিষ্ট সাংবাদিক এম এস দোহা, শফিকুর রহমান, মুফতি কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মনির আহমেদ, সাইফুল ইসলাম, সিরাজুল হক, নুর আহমদ, সাজ্জাদ হোসেন চৌধুরী, আজিজুল হক, মজিবুর রহমান মাসুদ, আবদুল হাসান, সাইফুর রহমান, মোবারক হোসেন, আমজাদ হোসেন উজ্জ্বল, শিক্ষা বার্তার সম্পাদক হারু অর রশীদ, মাইনুদ্দিন বুলু, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আল মাহমুদ ফয়সাল প্রমুখ।
উল্লেখ্য, কুমিল্লায় বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে গত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। সভায় জানানো হয়, আগামী ঈদুল ফিতরের পর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করতে তিনটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া বর্তমান সাধারণ সম্পাদকের অসুস্থতার কারণে আবু ইউসুফ রিপনকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।