জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলার ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে স্কুল ড্রেস বিতরণ এবং অসহায় মানুষের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
১৬ মার্চ (সোমবার) দুপুর ২টায় কোরআন পাঠের মধ্য দিয়ে খুন্তা আহম্মদীয়া ইবতেদায়ী মাদ্রাসায় ঈদকে সামনে রেখে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানটি শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার এম. বেলাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, “শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো মানে আগামী দিনের বাংলাদেশকে শক্তিশালী করা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-৮ এর জেলা গভর্নর মোঃ ইয়াসিন সুমন; এপেক্স বাংলাদেশের অতীত সভাপতি ও ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান মির্জা শাহাদাত ইমরান; এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালামের অতীত সভাপতি এপেক্সিয়ান মোঃ হাছানুর রশিদ; একই ক্লাবের সভাপতি এপেক্সিয়ান হাফিজ আহমেদ মুকুল; জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (লাকসাম) এপেক্সিয়ান আহমেদ উল্যাহ সবুজ; কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান এবং খুন্তা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহ্ নূর রনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুন্তা আহম্মদীয়া ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি মোঃ নাজমুল হক মিঠু। এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১০০ জন শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেওয়া হয়। পাশাপাশি খুন্তা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই, চিনি ও কিসমিস ক্রয়ের জন্য ২৩,০০০ টাকা নগদ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।