জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
দিনের পর দিন ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন পথচারীরা। বিশেষ করে গত পরশু একই পরিবারের দুই বোন সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠেন লাকসাম উপজেলার খিলা ও আশপাশের এলাকার সাধারণ মানুষ। নিরাপদ পারাপারের দাবিতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) খিলা বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, খিলা বাজার একটি ব্যস্ত জনবহুল এলাকা হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করেন। শিক্ষার্থী, নারী ও বয়স্ক মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকলেও দীর্ঘদিন ধরে এখানে কোনো ফুটওভার ব্রিজ বা নিরাপদ পারাপারের ব্যবস্থা করা হয়নি। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে।
বক্তারা আরও বলেন, সম্প্রতি দুই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা এলাকাবাসীকে নাড়া দিয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খিলা দারুন নাজাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সফিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাস্টার লোকমান হোসেন।
এসময় বক্তব্য দেন খিলা বাজার ব্যবসায়ীদের পক্ষে জামাল হোসেন, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাওলানা আব্দুল সোবহান, মানবাধিকার কর্মী মাওলানা আবু তাহের, সুরক্ষা সিটির পরিচালক হাফেজ মো. শাহআলম ও আবদুল মালেক হিরন এবং সমাজসেবক মাইনুল হক মজুমদার বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে জাতীয় মানবাধিকার সোসাইটি কুমিল্লা জেলা শাখার সভাপতিসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত খিলা বাজার এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনটি সমাজসেবক আসাদুজ্জামান ভুট্টোর উদ্যোগে আয়োজন করা হয়।