
জি.এম.এস রুবেল | লাকসাম | ১ আগস্ট ২০২৬
ডেঙ্গুর বিস্তার রোধ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার লাকসামের ন ফয়জুন্নেছা সরকারি কলেজ বিএনসিসি (BNCC)-এর উদ্যোগে শনিবার (১ আগস্ট) একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিতকরণ এবং সেগুলো পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বার্তা প্রচার করা হয়।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে নওয়ব ফয়জুন্নেছা সরকারি কলেজ বিএনসিসি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার (পিইউও) শামীম মিয়া, সামরিক প্রশিক্ষক কর্পোরাল মো. রাহয়ান আলী এবং বিএনসিসির ক্যাডেটবৃন্দ।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, "পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গু প্রতিরোধ করি।"