
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছেন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফখরুল লতিফ। তাঁর নির্বাচনে কলেজজুড়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে কলেজটিতে সুনাম ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আসছেন মোহাম্মদ ফখরুল লতিফ। একজন আদর্শ শিক্ষক হওয়ার পাশাপাশি দক্ষ সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবেও তিনি পরিচিত। কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সংকট মোকাবিলা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।
কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তাঁর অবদান উল্লেখযোগ্য। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহন সেবা চালুর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে ব্যাডমিন্টন কোর্ট ও টেবিল টেনিস বোর্ড স্থাপন, সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
তাঁর সম্পাদনায় কলেজের বার্ষিকী ‘নবযাত্রা’ গত এপ্রিলে প্রকাশিত হয়, যা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
নবনির্বাচিত সম্পাদককে কলেজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় কলেজের শিক্ষকরা বলেন, “মোহাম্মদ ফখরুল লতিফ আমাদের আস্থার প্রতীক। তিনি সম্পাদক নির্বাচিত হওয়ায় কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি কার্যকর ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি।”
প্রতিক্রিয়ায় মোহাম্মদ ফখরুল লতিফ বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীরাই এই কলেজের প্রাণ। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
এ সময় তিনি কলেজের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।