
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক যুবকের পরিচয় এক বছর ২০ দিনেও শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রথমে অপমৃত্যুর মামলা করা হলেও তদন্তে হত্যাকাণ্ডের তথ্য উঠে আসায় পরে হত্যা মামলা করা হয়। এখনো পরিচয়হীন ওই যুবকের স্বজন ও পরিচিতজনদের সন্ধান পেতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ নভেম্বর বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী বাস টার্মিনালের দক্ষিণ পাশে চৌরাস্তা পুরাতন মাছের আড়তসংলগ্ন এলাকা থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের সময় তার পরিচয় শনাক্তের মতো কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বেগমগঞ্জ থানায় ২০২৬ সালের ৫ আগস্ট একটি হত্যা মামলা করা হয়। মামলার নম্বর ৯। দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২/২০১/৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান জানান, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা। তার মুখমণ্ডল গোলাকার, নাক লম্বা, মুখে প্রায় ৩ ইঞ্চি লম্বা কালো দাড়ি এবং মাথায় প্রায় ১ ইঞ্চি লম্বা কালো চুল ছিল। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল হালকা ধূসর-বাদামি রঙের প্রিন্টের পাঞ্জাবি ও নেভি ব্লু রঙের ফুল প্যান্ট। এছাড়া তার ডান গোড়ালির ওপর পুরোনো ফোড়ার কালো দাগ রয়েছে।
তদন্ত কর্মকর্তা আরও জানান, প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হলেও তদন্তে হত্যাকাণ্ডের তথ্য উঠে আসে। পরে হত্যা মামলা করা হয়। অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তে প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। তবে এখনো তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে ওই যুবকের স্বজন, পরিচিতজন কিংবা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বেগমগঞ্জ মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭১০-২৩৭৭৪৪।