
জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে খাল পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় ২নং মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের মুদাফরগঞ্জ বাজার-চিতোষী রোডে জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে বড় খাল সংযুক্ত পর্যন্ত খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। তিনি কার্যক্রমের উদ্বোধন করেন এবং পরিবেশ রক্ষায় কয়েকটি গাছের চারা রোপণ করেন।
এ সময় স্থানীয় জনসাধারণ, বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খাল পরিষ্কার হলে জলাবদ্ধতা কমবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সাধারণ মানুষ উপকৃত হবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার দাবি জানান।