
জি.এম.এস. রুবেল, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন পশ্চিমপাড়ায় অবৈধভাবে ড্রেজার চালিয়ে বালু উত্তোলনের দায়ে ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নূরুল ইসলামের ভাতিজা জুয়েল রানাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে অবৈধ ড্রেজারটির সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং দুই দিনের মধ্যে ড্রেজারটি সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে ড্রেজারটি জব্দ বা বিনষ্ট করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযানের সময় জুয়েল রানা প্রথমে অভিযোগ অস্বীকার করার চেষ্টা করেন। পরে বালু ফেলার প্রমাণ পাওয়া গেলে তিনি অপরাধ স্বীকার করেন।
এ সময় জুয়েল রানা বলেন, “আমি ভয়ে মিথ্যা কথা বলেছি। এখন বালু ফেলার অপরাধ স্বীকার করে নিচ্ছি।”
মোবাইল কোর্ট শেষে সাংবাদিকদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, “কৃষিজমির উপরিভাগ নষ্ট করে বালু ফেলার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
এদিকে ভ্রাম্যমাণ আদালতের এ রায়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করলেও ক্ষোভ ও উদ্বেগও জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ও বালুর ব্যবসার কারণে এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আশপাশের বসতবাড়ি এবং লাকসাম-চাঁদপুর রেলপথও ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয়রা আরও বলেন, অভিযুক্তকে শাস্তি দেওয়া হলেও ড্রেজারটি জব্দ বা ধ্বংস না করায় ভবিষ্যতে আবারও এটি ব্যবহার করে অবৈধ বালু উত্তোলনের আশঙ্কা রয়ে গেছে। তারা স্থায়ীভাবে ড্রেজার অপসারণ এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।