
জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে কারাতে শিক্ষার্থীদের বেল্ট ও সার্টিফিকেট প্রদান এবং কারাতে সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় লাকসাম উপজেলা অডিটোরিয়ামে লাকসাম উপজেলা কারাতে একাডেমি ও লাকসাম সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশন-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কারাতে প্রশিক্ষক মো. হারুন অর রশিদ সুমন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লাকসাম কারাতে একাডেমির সভাপতি নার্গিস সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নৈতিকতা ও মানসিক দৃঢ়তা গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই। নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ, অভিভাবক সদস্য সৈয়দ মিজানুর রহমান হিরণ, সাংবাদিক সেলিম হীরা চৌধুরী, মো. নজরুল ইসলাম ও সালে মাহমুদ সুমন।
এ সময় কারাতে প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা বলেন, "কারাতে প্রশিক্ষণের মাধ্যমে শিশু-কিশোরদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, শৃঙ্খলাবোধ তৈরি হচ্ছে এবং তারা আত্মরক্ষার কৌশল শিখছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সার্টিফিকেট ও বেল্ট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, "আজকের এই স্বীকৃতি আমাদের আরও ভালোভাবে অনুশীলন করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সাফল্য অর্জন করতে চাই।"
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মাঝে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রশিক্ষণার্থী, অভিভাবক, অতিথিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।