
জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাড়িদিয়া গ্রামে ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ফজলুর রহমান শামিম প্রভাব খাটিয়ে কয়েকদিন ধরে এসব মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এতে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এলাকার সড়ক ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
এ ঘটনায় গত ৩১ মে ২০২৬ তারিখে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানার কাছে অভিযোগ দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর ওইদিন বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে লোক পাঠিয়ে সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সতর্কতার পর দিনের বেলায় মাটি কাটা বন্ধ থাকলেও রাতের আঁধারে লোকচক্ষুর আড়ালে পুনরায় মাটি কেটে নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ফজলুর হক শামিম একসময় বড়ইমুড়ি গ্রামের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি উত্তরদা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
এলাকাবাসী জানান, মাটি বহনকারী ট্রাক্টরের অবাধ চলাচলের কারণে গ্রামের কাঁচা ও পাকা সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত ধুলাবালির কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন।
স্থানীয়দের আরও অভিযোগ, এ বিষয়ে প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। ফলে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এ কারণে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর মতে, কৃষি জমি থেকে অনিয়ন্ত্রিতভাবে টপ সয়েল অপসারণের ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে কৃষি উৎপাদন ও গ্রামীণ অবকাঠামোও হুমকির মুখে পড়ছে।
এ বিষয়ে অভিযুক্ত ফজলুর হক শামিমের মুঠোফোনে কল করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সবাইতো সবার ভালো চায়না তাই আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
তবে স্থানীয়রা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।