লাকসাম (কুমিল্লা), প্রতিনিধি : কুমিল্লার লাকসামে আধুনিক পদ্ধতিতে সংকর জাতের দুগ্ধবতী গাভী পালন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন উপজেলার ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) লাকসাম গ্রীণ ক্যাসেল রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে লাকসাম, লালমাই, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলার খামারিরা অংশ নেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (এনজিও)-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আশা কুমিল্লা এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. শামীম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক।
প্রশিক্ষক হিসেবে ছিলেন ভেটেনারি সার্জন ডা. মো. মোবারক হোসেন, আশা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. খোরশেদ আলম, কৃষি প্রশিক্ষক সাঈম আহম্মেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণে খামারিদের আধুনিক গাভী পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে ঘর ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা ও চিকিৎসা ব্যবস্থাপনা—এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
ঘর ব্যবস্থাপনায় পর্যাপ্ত আলো-বাতাস, পরিষ্কার-পরিচ্ছন্নতা, গরুর জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। খাদ্য ব্যবস্থাপনায় পুষ্টিকর ঘাস, খড় ও পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাপনায় নিয়মিত টিকা প্রদান, রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং সঠিক চিকিৎসা পদ্ধতি অনুসরণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া খামার ব্যবস্থাপনায় আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, উন্নত জাতের বংশবিস্তার ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গাভীর যত্ন নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা আধুনিক পদ্ধতিতে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন।