
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দৌলতগঞ্জ এতিমখানা মাদ্রাসার সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—লাকসাম পৌরসভার গন্ডামারা গ্রামের মো. খোকনের ছেলে মো. আফরান হোসেন আরাফাত (৭) এবং একই গ্রামের দ্বীন মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (৫)। তারা সম্পর্কে প্রতিবেশী ও সমবয়সী বন্ধু ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গন্ডামারা এলাকার পাশাপাশি বাড়ির এই দুই শিশু দুপুরে খেলতে বের হয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
এদিকে, দৌলতগঞ্জ এতিমখানা মাদ্রাসার এক শিক্ষক অজু করতে এসে পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুকুরপাড়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।