
জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন, লিখিত অভিযোগ দাখিল
জি এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
লাকসামে প্রবাসী শ্রমিক মো. জাফরের ওপর সংঘটিত নৃশংস ও পরিকল্পিত হামলার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর ২০২৫) লাকসাম প্রেস ক্লাবে ভুক্তভোগী জাকিরের পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৫ ডিসেম্বর ২০২৫ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ডের রাজঘাট এলাকায় ময়দার মেইলের সামনে রাস্তায় পূর্বপরিকল্পিতভাবে জাকিরের ওপর হামলা চালানো হয়।
ভুক্তভোগীর পিতা মো. দেলোয়ার হোসেন জানান, তার ছেলে মো. জাফর (৩২) একজন প্রবাসী শ্রমিক। তিনি দীর্ঘদিন বিদেশে কর্মরত থেকে পরিবারের ভরণপোষণ করতেন। দেশে ফিরে আসার পর স্থানীয় একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
লিখিত অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বিবাদী কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধিন উত্তর পশ্চিমগাঁওয়ের খালেক মিয়ার ছেলে মাসুদ মিয়া(৩৮) ও রহিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন(৩৫), তারা দেশীয় অস্ত্র, লোহার রড ও কালো স্টিলের লাঠি দিয়ে জাকিরের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায় এবং নাক, মুখ ও কানে গুরুতর রক্তক্ষরণ হয়। পাশাপাশি তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, হামলার সময় উপস্থিত লোকজন এগিয়ে এলে বিবাদীরা জাকিরকে প্রাণে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত জাকিরকে উদ্ধার করে প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যরা জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে জাকিরের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র, হাসপাতালের রেফার্ড স্লিপ এবং আহত অবস্থার ছবি সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।
ভুক্তভোগীর পরিবার আরও অভিযোগ করে জানায়, ঘটনার পর লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো মূল অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় পরিবারটি ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলা হয়, অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং প্রবাসী শ্রমিক জাফর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।