জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে ৮ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি গঠন করা হয়।লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) লাকসাম ইউনিটি ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ আল হোসাইন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহ উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের কেমতলী গ্রামের মো. হারুনুর রশিদের একমাত্র সন্তান। সে স্থানীয় কেমতলী হাফেজিয়া নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতালের সামনে মরদেহ নিয়ে বিক্ষোভ করেন। তারা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এবং সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান।এ সময় তারা অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানান এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেন।
অভিযোগ ওঠা চিকিৎসক ডা. শাহেদ আনোয়ার ভূঁইয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করতে সিভিল সার্জন কার্যালয় থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।