
লাকসাম (কুমিল্লা), প্রতিনিধি : ‘‘দুনিয়ার মজদুর এক হও’’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে লাকসাম উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
লাকসাম উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ, সহ-সভাপতি সুভাষ বণিক, যুগ্ম সম্পাদক রাফসান ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক হাসান মিয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সরেজমিনে দেখা যায়, বৈরী আবহাওয়ার মধ্যেও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা শ্রমিক ও নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে র্যালি ও আলোচনা সভায় অংশ নেন। লাকসাম উত্তর বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অংশগ্রহণকারীদের। ঢাকঢোলের তালে তালে আনন্দঘন পরিবেশে র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ আবুল কালাম শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, শ্রমিকদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মে দিবস উপলক্ষে লাকসামে আয়োজিত এসব কর্মসূচি শ্রমজীবী মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়কে আরও জোরদার করে।