
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১১ নভেম্বর) তাদের কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) লাকসাম পৌরশহরের বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন— লাকসাম পৌরশহরের কুন্দ্রা গ্রামের ইসহাক মিয়ার ছেলে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (৩৮), গাজীমুড়া গ্রামের আবদুল মজিদের ছেলে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হারুনুর রশীদ (৪৬), উত্তরকূল গ্রামের মৃত গোলাম রাব্বানীর ছেলে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (৩২), বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন (৪০) এবং কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন (টঙ্গিরপাড়) গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ (৪৪)।
এ ছাড়া আজগরা ইউনিয়নের ঘাঁটার গ্রামের সামছুল হুদার ছেলে ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিউল ইসলাম স্বপন (৪৩), বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের আবদুল হামিদের ছেলে ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রাসেল (৩৮), মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের পাশাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম (২০), নগরীপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে একই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মানিক (২২) এবং গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের আমিনুল হকের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন (৩০)।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লাকসাম পৌরশহরের পূর্ব বাজারের গন্ডামারা জবাইখানা এলাকার সড়কে সমবেত হয়ে রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে পৌরশহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জনকে আটক করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় লাকসাম থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৫/১৩৯, তারিখ ১০ নভেম্বর ২০২৬।
মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।