
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লার লাকসাম পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, একটি গোষ্ঠী অতীতে দেশে সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, গুম ও নির্যাতনের মতো কর্মকাণ্ড চালিয়েছে। বিরোধী রাজনৈতিক দলকে দমন করতে গুম-খুন ও জুলুম-নির্যাতনের আশ্রয় নিয়েছে। এখন আবার কার্যক্রম নিষিদ্ধ দলটি দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এসব অপচেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ সুসংহত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
সমাবেশ শেষে সংসদ সদস্য মো. আবুল কালামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে অবস্থিত বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল হাসেম মানু, পৌরসভা বিএনপির সহসভাপতি আবুল হোসেন মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক মিল্টন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তব্যের শেষাংশে আবুল কালাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। জনগণ তাদের এসব ষড়যন্ত্র বুঝতে পেরেছে। ইতোমধ্যে তাদের ডাকা লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ। জনগণ শান্তি, উন্নয়ন, উৎপাদন ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।