April 9, 2026, 3:55 pm

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শর্ট সার্কিটে আগুন, অল্পের জন্য রক্ষা পেল চিকিৎসাধীন শিশু

Reporter Name
  • Update Time : Thursday, April 9, 2026
  • 17 Time View

লাকসাম, (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে এক ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে চিকিৎসাধীন এক শিশু ও তার পরিবার।

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ৮ মাস বয়সী শিশু তাসিন ইসলামকে নেবুলাইজার মেশিনে শ্বাসপ্রশ্বাস দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার মা কাজল রেখা। এ সময় বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ নেবুলাইজার মেশিনে আগুন ধরে যায়।

তাৎক্ষণিকভাবে আশপাশে থাকা রোগী ও স্বজনরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং শিশু ও তার মাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন। তবে এ ঘটনায় হাসপাতালের ইনডোরে থাকা অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিশুটির বাবা, লাকসামের ভাটিয়াভিটা গ্রামের আবু তালেব জানান, জ্বর ও সর্দি নিয়ে দুই দিন আগে তার সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে নেবুলাইজার দেওয়ার সময় হাসপাতালের সার্ভিস লাইন থেকে সংযোগ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে রোগীদের অভিযোগ, অগ্নিকাণ্ডের পরপরই হাসপাতালের দায়িত্বরত নার্স ও কর্মচারীদের অনেকেই ঘটনাস্থল ত্যাগ করেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ও নারী ওয়ার্ড অন্ধকারে ডুবে যায়, যা শিশু, বৃদ্ধসহ অন্যান্য রোগীদের মধ্যে চরম ভীতির সৃষ্টি করে। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আবাসিক মেডিকেল অফিসারকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে।

ঘটনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজিয়া বিনতে আলম দুঃখ প্রকাশ করে জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় হাসপাতালের বৈদ্যুতিক লাইনসহ অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category