
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম শনিবার (২ মে) সকালে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলমের নেতৃত্বে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে এমপি আবুল কালাম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসাসেবা কার্যক্রম এবং অবকাঠামোগত পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসপাতালের বিদ্যমান সমস্যা, সেবার মানোন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত চাহিদা সম্পর্কে তাকে অবহিত করেন।
পরে হাসপাতালের ডা. মোস্তফা মিলনায়তনে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমদ, সাবেক সভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশুসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় এমপি মো. আবুল কালাম স্থানীয় স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।