জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লার লাকসাম নবাব ফয়েজুন্নেছা সরকারি কলেজে উন্নয়নের নামে শতবর্ষী গাছ কাটার অভিযোগ তুলে প্রতিবাদে ফুঁসে উঠেছেন সাধারণ শিক্ষার্থীরা। গাছ রক্ষার দাবিতে তারা গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করছেন।
রবিবার (৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কলেজ প্রাঙ্গণের পুরনো গাছ সংরক্ষণের দাবি জানান।
শিক্ষার্থীদের দাবি, শতবর্ষী এসব গাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, কলেজের ঐতিহ্য ও সৌন্দর্যের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নয়নের নামে এসব গাছ কেটে ফেলা হলে পরিবেশ ও কলেজের নান্দনিকতা ক্ষতিগ্রস্ত হবে।
এর আগে গত বৃহস্পতিবার (৫ মার্চ) গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি জমা দেন। তবে অধ্যক্ষ উপস্থিত না থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন কলেজের উপাধ্যক্ষ। এ সময় ইতিহাস বিভাগের একজন প্রভাষক উপস্থিত ছিলেন।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রকি কর্মকার, সাবেক শিক্ষার্থী মোঃ রাফি, দিদার হোসেন, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন, আরাফাত হোসেন এবং অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ ইমরানসহ আরও অনেক শিক্ষার্থী।
এ বিষয়ে কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ও স্থাবর সম্পত্তি রক্ষা কমিটির আহ্বায়ক ফখরুল লতিফ বলেন, কলেজের উন্নয়নের স্বার্থে নদীর ভাঙন থেকে রক্ষার জন্য গার্ড ওয়াল নির্মাণে ইঞ্জিনিয়ারের পরামর্শে কিছু গাছ কাটার পরিকল্পনা করা হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসন তাদের দাবি বিবেচনা করে পরিবেশ রক্ষা ও কলেজের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।