
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: শিক্ষার প্রসার, মেধার যথাযথ মূল্যায়ন এবং উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি)। কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৩৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন তিনি। প্রত্যেক শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি সংবর্ধিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় খরচ বহনেরও ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. মো. আহম্মদ উল্লাহ।
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তাঁর ব্যক্তিগত অর্থায়নে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান, মনোহরগঞ্জ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী, লাকসাম প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহসভাপতি এস.এম. মনসুর ও মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা আবদুল খালেক মোল্লা, নির্বাহী সদস্য এটিএম শওকত হোসেন বিপ্লব ও আবুল খায়ের, শাহপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন এবং লাকসাম মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তাহেরসহ আমন্ত্রিত অতিথিরা।
এ সময় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ জসিম উদ্দিন (সিআইপি) বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির সম্পদ। তাদের অর্জনের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি, শিক্ষার প্রসার এবং মেধার বিকাশের মাধ্যমেই একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, শুধু সংবর্ধনা প্রদানই নয়, মেধাবী শিক্ষার্থীরা যাতে অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম কাজ করতে চায়। এ লক্ষ্যে সংবর্ধিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ বহনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। ভবিষ্যতেও শিক্ষা, মানবকল্যাণ ও এলাকার সামগ্রিক সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কাতার প্রবাসী জসিম উদ্দিন সিআইপির এ উদ্যোগে লাকসাম ও মনোহরগঞ্জের ৩৪ জন মেধাবী শিক্ষার্থী আর্থিক সম্মাননার পাশাপাশি উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা পেয়েছেন। স্থানীয় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে একজন প্রবাসী ব্যবসায়ীর এমন উদ্যোগ এলাকায় শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, মেধার বিকাশ এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।