
নিজস্ব প্রতিনিধি, লালমাই (কুমিল্লা): কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুহাম্মদ সালেহ আহমদ।
বৃহস্পতিবার (৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ শিপন মিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১০ জুলাই ২০২৬ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
চার সদস্যবিশিষ্ট এডহক কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ডা. মুহাম্মদ সালেহ আহমদ। সদস্য সচিব (পদাধিকারবলে) হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন। অভিভাবক সদস্য মো. আবদুল কাদের এবং শিক্ষক প্রতিনিধি সদস্য মো. ছিদ্দিকুর রহমান।
ডা. মুহাম্মদ সালেহ আহমদ হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের একজন প্রাক্তন মেধাবী শিক্ষার্থী। তিনি এর আগেও একই প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। একজন শিক্ষানুরাগী ও মানবিক চিকিৎসক হিসেবে এলাকায় তাঁর সুনাম রয়েছে।
নবনিযুক্ত সভাপতি হিসেবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডা. সালেহ আহমদ বলেন, প্রথমেই তিনি কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "আমার স্কুলজীবন কেটেছে এই প্রতিষ্ঠানে। প্রিয় এই স্কুলের এডহক কমিটির সভাপতি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠানটিকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। মাননীয় সংসদ সদস্যের নির্দেশনা ও সহযোগিতায় স্কুল ও কলেজের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।"