
জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): ৬০ বছর বয়সে ‘মাস্টার অব পাবলিক হেলথ’ (MPH) ডিগ্রি অর্জন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ডা. নূর উল্লাহ রায়হান। জীবনের এই অর্জনকে তিনি দীর্ঘ পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায়ের ফল বলে উল্লেখ করেছেন।
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ডা. নূর উল্লাহ রায়হান লেখেন, “অবশেষে অপেক্ষার অবসান! দীর্ঘ ২ বছরের কঠোর পরিশ্রম, অসংখ্য অ্যাসাইনমেন্ট, রাত জেগে পড়াশোনা আর ধৈর্যের পরীক্ষা শেষে অবশেষে ‘মাস্টার অব পাবলিক হেলথ’ (MPH) ডিগ্রি অর্জন করলাম। আলহামদুলিল্লাহ!”
তিনি আরও লেখেন, “এই জার্নিটা মোটেও সহজ ছিল না, তবে শিক্ষা এবং অভিজ্ঞতার দিক থেকে ছিল দারুণ সমৃদ্ধ। এই পুরো সময়ে যারা আমাকে নানাভাবে সাপোর্ট করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন—আমার পরিবার, শিক্ষক এবং বন্ধুদের প্রতি গভীর কৃতজ্ঞতা।”
ভবিষ্যতে জনস্বাস্থ্য নিয়ে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “জনস্বাস্থ্য (Public Health) নিয়ে কাজ করার এবং মানুষের কল্যাণে অবদান রাখার নতুন এই অধ্যায়ের জন্য সবার দোয়া প্রার্থী।”
ডা. নূর উল্লাহ রায়হানের এ অর্জনে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।