জি এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): লাকসাম উপজেলা কারাতে একাডেমি ও লাকসাম সিতোরিউ কারাতে দো একাডেমির পরিচালক মোঃ হারুনুর রশীদ (সুমন) কারাতে কোচেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট অর্জন করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন–এর অডিটোরিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত বিকেএফ কোচেস লাইসেন্সিং সিরিমনি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কারাতে কোচেস পরীক্ষায় উত্তীর্ণ ১৩৪ জনের মাঝে সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ করা হয়।
গত ৩০ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত এ কোচেস পরীক্ষাটি দেশে প্রথমবারের মতো আয়োজন করে বাংলাদেশ কারাতে ফেডারেশন। এতে অংশ নিয়ে লাকসামের মোঃ হারুনুর রশীদ (সুমন) সফলভাবে উত্তীর্ণ হন।
অনুষ্ঠানে উত্তীর্ণদের মাঝে সার্টিফিকেট ও আইডি কার্ড প্রদান করেন অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব মোঃ জোবায়দুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি (মেজর অবঃ) ইমরোজ আহমেদ, সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক শাহজাদা আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মোঃ হারুনুর রশীদ (সুমন) বলেন, “ফেডারেশন থেকে কোচেস সার্টিফিকেট অর্জন আমার জন্য অত্যন্ত গর্বের। আমি কৃতজ্ঞ বাংলাদেশ কারাতে ফেডারেশন ও আমার শিক্ষার্থীদের প্রতি। ভবিষ্যতে লাকসামে আরও দক্ষ কারাতে খেলোয়াড় তৈরি করতে সর্বোচ্চ চেষ্টা করব। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করাই আমার লক্ষ্য।”
লাকসামের ক্রীড়াঙ্গনে এ অর্জন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়ামোদীরা।