জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় স্থানীয় সংসদ সদস্য আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী। নির্বাচনের পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি আস্থা প্রকাশ করে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছেন।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে লাকসাম ও মনোহরগঞ্জে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পকারখানা স্থাপন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন প্রয়োজন। এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিতে কেন্দ্রীয়ভাবে প্রভাবশালী পদে আবুল কালামকে দায়িত্ব দেওয়া হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা মনে করেন।
স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা বলেন, আবুল কালাম দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এলাকার সুখে-দুঃখে পাশে থেকেছেন। নির্বাচনের সময় তিনি যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে মন্ত্রিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, লাকসাম জংশনকে আধুনিক রেলওয়ে হাব হিসেবে গড়ে তোলা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং নতুন শিল্পাঞ্চল প্রতিষ্ঠার মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় সমন্বয় জরুরি। এজন্য তারা প্রধানমন্ত্রীর কাছে আবুল কালামকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে আবুল কালাম বলেন, জনগণের ভালোবাসা ও প্রত্যাশাই তার প্রধান শক্তি। তিনি দল ও সরকারের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এলাকাবাসীর আশা, তাদের নির্বাচিত জনপ্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পেলে লাকসাম–মনোহরগঞ্জে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।