জি.এম.এস রুবপল, লাকসাম (কুমিল্লা) : কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে লাকসাম পৌরসভার রাজঘাট এলাকায় এতিমখানা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতিম মেয়েদের বাবা-মায়ের স্মরণে পরিবেশিত আবেগঘন গজলে অশ্রুসিক্ত হয়ে পড়েন উপস্থিত সাংবাদিক, অতিথি ও দর্শনার্থীরা। পরে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
দৌলতগঞ্জ মহিলা এতিমখানার সভাপতি আলহাজ্ব মজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জান্নাতুল ফাতেমা চৌধুরী, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন নাহার লাইলি এবং দৈনিক ইত্তেফাকের লাকসাম প্রতিনিধি ও লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস।
বক্তারা এতিমখানার শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন গুণেও গুণান্বিত। প্রতিকূলতার মধ্যেও তাদের এ সাফল্য প্রশংসনীয়। তাঁরা এতিমখানার উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এতিমখানার সহসভাপতি আলহাজ্ব জাহিদুল মাওলা চৌধুরী হেলাল ও আলহাজ্ব শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রাজ্জাক বাচ্চু, পাঠাগার সম্পাদক মইনুল হোসেন চৌধুরী হেলাল, দপ্তর সম্পাদক আলহাজ্ব মীর মো. আবু বকর সিদ্দিক, কার্যকরী সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, আব্দুল্লাহ আল বাকী খালেদ ও মো. শহিদ উল্লাহসহ এতিমখানার সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে এ প্লাস অর্জনকারী শিক্ষার্থী মোসা. আফরিন আক্তার এবং ৪.৫০ পয়েন্ট অর্জনকারী শিক্ষার্থী মোসা. জাকিয়া সুলতানা রত্নাকে ক্রেস্ট ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লাকসাম দৌলতগঞ্জ মহিলা এতিমখানার সুপার মাওলানা মো. বাকি বিল্লাহ পাটোয়ারী। সার্বিক সহযোগিতায় ছিলেন এতিমখানার পরিচালক মাওলানা আবু সাঈদ হেলালী।