জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা) : দেখতে দেখতে কেটে গেছে ১৩টি বছর। ক্যালেন্ডারের পাতা বদলেছে, সময়ের স্রোতে বদলেছে অনেক কিছু। কিন্তু বদলায়নি দুটি পরিবারের অপেক্ষা। আজও স্বজনদের মনে একটাই প্রশ্ন—কোথায় আছেন তাঁদের প্রিয় মানুষ? তাঁরা কি আর কখনো ফিরে আসবেন?
২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে নিখোঁজ হওয়া কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম হিরু এবং লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির পারভেজের সন্ধান দাবিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব লাকসাম উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আবুল কালাম।
লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদের সভাপতিত্বে এবং মাহবুবুর রহমান মানিক ওডা. নুরুল্লা রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও নিখোঁজ হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, উপজেলা বিএনপির সিনিয়র সম্পাদক শাহ আলম, নিখোঁজ সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান ইসলাম এবং হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল।
আলোচনায় সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় নিখোঁজ দুই নেতার সন্তানদের বক্তব্যে। একদিকে বাবাকে ফিরে পাওয়ার আকুতি, অন্যদিকে দীর্ঘ এক যুগের অনিশ্চয়তা—সব মিলিয়ে উপস্থিত নেতাকর্মী ও স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে তাঁদের নিখোঁজ হওয়ার পর দীর্ঘ ১৩ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। দুটি পরিবার বছরের পর বছর ধরে প্রিয়জনের অপেক্ষায় দিন কাটাচ্ছে। সন্তানরা আজও জানেন না তাঁদের বাবা কোথায়, কী অবস্থায় আছেন। স্বজনদের এই অপেক্ষার অবসান হওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, কোনো পরিবারকে যেন এভাবে বছরের পর বছর প্রিয়জনের সন্ধান না পেয়ে অপেক্ষা করতে না হয়। হিরু ও পারভেজের নিখোঁজ হওয়ার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবুল কালাম নিখোঁজ দুই নেতার সন্ধান ও ঘটনার সুষ্ঠু তদন্তের বিষয়ে গুরুত্বারোপ করেন।
দীর্ঘ ১২ বছর ধরে অপেক্ষায় থাকা পরিবার দুটির প্রতি সহমর্মিতা জানিয়ে বক্তারা বলেন, তাঁদের স্বজনেরা শুধু প্রিয় মানুষ দুজনের সন্ধান চান। তাঁরা জানতে চান, তাঁদের প্রিয়জনেরা কোথায় আছেন, কী অবস্থায় আছেন। এই প্রশ্নের উত্তর পাওয়া তাঁদের ন্যায্য অধিকার।
আলোচনা সভা শেষে নিখোঁজ সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের সন্ধান কামনা এবং তাঁদের পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
১৩ বছর পেরিয়ে গেছে, কিন্তু অপেক্ষার শেষ হয়নি। স্বজনদের বুকের ভেতর আজও বেঁচে আছে ফিরে পাওয়ার আশা। হিরু ও পারভেজের পরিবার আজও জানতে চায়—কোথায় তাঁদের প্রিয়জন?