মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং যুবসমাজকে মাদক, অপরাধ ও হতাশা থেকে দূরে রেখে একটি সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও আত্মবিশ্বাসী জাতি গঠনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। মাঠে ঘাম ঝরানো প্রতিটি তরুণই আগামীর সম্ভাবনাময় দেশ গড়ার কারিগর। তাই তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের নিশিন্তপুর গজরাপাড়া ঈদগাহ মাঠে নিশিন্তপুর আদর্শ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান সফিক।
তিনি বলেন, আজকের এই মনোমুগ্ধকর ফাইনাল খেলা এবং তরুণদের উপচে পড়া উপস্থিতি প্রমাণ করে, আমাদের শিকড়ে খেলাধুলার প্রতি অকৃত্রিম ভালোবাসা এখনো বেঁচে আছে। হার-জিত যা-ই হোক না কেন, বিজয়ী ও পরাজিত উভয় দলের খেলোয়াড়দের পারস্পরিক সৌহার্দ্য ও দুর্দান্ত ক্রীড়াশৈলী আমাদের মুগ্ধ করেছে।
ফাইনাল খেলায় লাকসামের কৃষ্ণপুর ক্লাব ও মনোহরগঞ্জের শ্রীপুর একতা ক্লাব মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে কৃষ্ণপুর ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শ্রীপুর একতা ক্লাব।
সমাজসেবক আশিক জামান হোসেনের সভাপতিত্বে এবং মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর মৈশাতুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল সোবহান, মৈশাতুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, যুবদল নেতা মজিবুর রহমান মজিব ও আব্দুল রাজ্জাক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।