November 7, 2026, 5:21 pm

ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন বিক্রির অপচেষ্টার অভিযোগ, অধিগ্রহণের দাবি এনসিপির

Reporter Name
  • Update Time : Saturday, November 7, 2026
  • 10 Time View

কুমিল্লা প্রতিনিধি ।। ভাষা আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত কুমিল্লা শহরের ঐতিহাসিক বাসভবন বিক্রির অপচেষ্টার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর শাখা। একই সঙ্গে বাড়িটি অবিলম্বে সরকারি উদ্যোগে অধিগ্রহণ করে জাতীয় ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণের দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৬ নভেম্বর) এনসিপি কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব মাসুমুল বারী কাওসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করে ভাষা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে কুমিল্লা শহরের নিজ বাসভবন থেকে ৮৪ বছর বয়সী ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর ছেলেকে পাকিস্তানি সেনাবাহিনী তুলে নিয়ে যায়। পরে ময়নামতি সেনানিবাসে নির্যাতনের পর তাঁদের হত্যা করা হয়।
এনসিপির অভিযোগ, ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িটি নিয়ে একটি মহল বাণিজ্যিক স্বার্থে বিক্রির অপচেষ্টা চালাচ্ছে। সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত নিজেকে বাড়িটির ওয়ারিশ দাবি করে এটি বিক্রির উদ্যোগ নিচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সংসদ সদস্য থাকাকালে বাড়িটি সংরক্ষণে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগও তুলে ধরে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই বাসভবন শুধু ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি বাংলাদেশের জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই কোনোভাবেই বাড়িটি বিক্রি বা হাতবদল হতে দেওয়া উচিত নয়।
এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট জেলা ও জাতীয় পর্যায়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এনসিপি।
বাড়িটি রক্ষায় দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, সরকারি উদ্যোগে অধিগ্রহণ এবং স্থায়ীভাবে জাতীয় ঐতিহ্য হিসেবে সংরক্ষণের দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক এই স্থাপনা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category