লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে ক্ষতিকর রাসায়নিক ও কার্বাইড প্রয়োগ করে কাঁচা কলা পাকানোর অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ বাজারে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারের কয়েকটি ফল ও কলার আড়তে আকস্মিক তল্লাশি চালানো হয়। এ সময় কাঁচা কলা দ্রুত পাকানোর জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রবণ ও কার্বাইড ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এভাবে রাসায়নিক প্রয়োগ করে ফল পাকানো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল মেশানো কিংবা ফল পাকাতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের এ অভিযানের মাধ্যমে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও সচেতনতা তৈরির পাশাপাশি নিরাপদ খাদ্য বিক্রিতে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।