লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছেন আলিম পরীক্ষার্থীরা। এ বছর উপজেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫৪.০২ শতাংশ এবং আলিম পরীক্ষায় ৭৫.০৮ শতাংশ। দুই পরীক্ষার ফলাফলে আলিমে পাসের হার এইচএসসির তুলনায় ২১.০৬ শতাংশ বেশি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, লাকসামের বিভিন্ন কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৩২ জন। জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছেন ১৫ জন। সে হিসাবে পাসের হার দাঁড়িয়েছে ৫৪.০২ শতাংশ।
এইচএসসি পরীক্ষায় ৬১.১৩ শতাংশ পাসের হার নিয়ে উপজেলার কলেজগুলোর মধ্যে শীর্ষে রয়েছে নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ। প্রতিষ্ঠানটি থেকে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং উপজেলায় মোট ১৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ১৪ জনই এ কলেজের।
অন্যদিকে, আলিম পরীক্ষায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মোট ৩০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন। এ পরীক্ষায় পাসের হার ৭৫.০৮ শতাংশ।
আলিম পরীক্ষায় ৮০.১৫ শতাংশ পাসের হার নিয়ে উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে ১২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১০১ জন উত্তীর্ণ হয়েছেন। উপজেলায় আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৪ জনের মধ্যে ১০ জনই এ মাদ্রাসার শিক্ষার্থী।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এইচএসসি পরীক্ষায় পাসের হার তুলনামূলক কম হলেও আলিম পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছেন। দুই পরীক্ষার ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে সাফল্যের পার্থক্যও লক্ষ করা গেছে।
এদিকে, ফলাফল প্রকাশের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেলেও প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় কিছু শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে হতাশাও রয়েছে।