November 19, 2026, 12:31 am

লাকসামে আবারও ৪ গরু চুরি, দুই সপ্তাহে ১৩টি; দিশেহারা কৃষকেরা

Reporter Name
  • Update Time : Wednesday, November 18, 2026
  • 15 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে আবারও কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে গত দুই সপ্তাহে উপজেলায় অন্তত ১৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকেরা। অনেকের কাছে গরুগুলোই ছিল পরিবারের একমাত্র সম্বল।

সর্বশেষ সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেয়ারাপুর গ্রামের কৃষক মো. ফজলুর রহমানের গোয়ালঘরের তালা ভেঙে চারটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুর মধ্যে দুটি ষাঁড়, একটি গাভী ও একটি বাছুর রয়েছে। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।

ভুক্তভোগী ফজলুর রহমান লাকসাম রেলওয়ে জংশন বাজারে নৈশপ্রহরীর কাজ করেন। ঘটনার রাতে বাজার পাহারা শেষে ভোরে বাড়ি ফিরে গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন, তাঁর চারটি গরুর একটিও নেই। সব গরু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা একমাত্র সম্বল হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

এর আগে গত ১৩ নভেম্বর গভীর রাতে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং এলাকা থেকে চারটি গরু চুরি হয়। এসব গরুর আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা। এছাড়া ১০ নভেম্বর ভোররাতে গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের জামাল হোসেনের গোয়ালঘরের তালা ভেঙে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের দুটি গরু নিয়ে যায় চোরের দল।

এরও এক সপ্তাহ আগে কান্দিরপাড় এলাকায় বাদলদের বাড়ি থেকে দুটি এবং পাশের বাড়ির ওয়াসিমদের একটি গরু চুরি হয়। সব মিলিয়ে ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফজলুর রহমান জানান, গরুগুলোই ছিল তাঁর পরিবারের একমাত্র সম্বল। নৈশপ্রহরীর কাজ করে সংসার চালানোর পাশাপাশি গরুগুলো লালন-পালন করতেন তিনি। একসঙ্গে চারটি গরু হারিয়ে এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মোখলেছুর রহমান। তিনি পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) লাকসাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক ফজলুর রহমান। চুরি হওয়া গরুগুলো দ্রুত উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী মঙ্গলবার রাত ৯টার দিকে গরু চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শ্রীয়াং ও পৌরসভার পেয়ারাপুরে গরু চুরির ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আরও অনেক ভুক্তভোগী পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন।

ওসি আরও জানান, অপরাধ দমনে পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রত্যন্ত অঞ্চলে গরু চুরির ঘটনা বেড়েছে। এসব ঘটনায় পুলিশের তদন্ত ও অভিযান চলমান রয়েছে।

স্থানীয় কৃষকদের দাবি, ধারাবাহিক গরু চুরির ঘটনা বন্ধে রাতের পুলিশি টহল জোরদার, চোরচক্র শনাক্ত এবং চুরি হওয়া গরু উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category