October 18, 2026, 3:16 am

লাকসামে বিএনপি নেতাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2026
  • 11 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে (৪৮) মোবাইল ফোনে গালিগালাজ, পরিবারসহ প্রাণনাশ ও বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে লাকসাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর ৮৩৩।

জিডি সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ২১ মিনিটে লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নশরতপুরে নিজ বাসায় অবস্থানকালে মনির আহমেদের ব্যক্তিগত মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর (০১৭৮৯০০৯৮০৭) থেকে কল আসে। এ সময় কলকারী নিজের পরিচয় গোপন রেখে তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে আগামী এক থেকে দুই দিনের মধ্যে তাঁকে হত্যা এবং তাঁর পরিবারের বড় ধরনের ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন মনির আহমেদ। এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

মনির আহমেদ বলেন, ২০২২ সালে ফ্যাসিস্ট গোষ্ঠীর বিশেষ বাহিনীর হাতে তিনি গুমের শিকার হয়েছিলেন। সর্বশক্তিমান আল্লাহর অশেষ মেহেরবানি এবং মা-বাবাসহ সবার দোয়ায় মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন বলে জানান তিনি। সেই ভয়াল রাতের পর থেকেই নিজেকে মৃত মনে করেন উল্লেখ করে তিনি বলেন, তাঁকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। মৃত্যু অবধারিত এবং মৃত্যুর শর্ত নিয়েই মানুষের জন্ম। প্রকৃত যোদ্ধারা মৃত্যুকে আলিঙ্গন করেই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন। তিনিও মৃত্যুকে আলিঙ্গন করেই ঘুমাতে যান। তাই হুমকি-ধমকি দিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না।

বিষয়টি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি মো. আবুল কালামকে অবহিত করেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category