October 14, 2026, 8:42 pm

লাকসাম থেকে ৪০৫ টাকায় ট্রেনে কক্সবাজার, চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026
  • 7 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: মাত্র ৪০৫ টাকায় ট্রেনে চড়ে কক্সবাজার যাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন কুমিল্লার লাকসামসহ আশপাশের এলাকার যাত্রীরা। আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল শুরু করার কথা রয়েছে মহানগর এক্সপ্রেসের। নতুন এ সেবা চালু হলে লাকসাম স্টেশনে যাত্রাবিরতির মাধ্যমে ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি পর্যটননগরী কক্সবাজারে যাওয়া যাবে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন, ২৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত সেবা চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। বিরতিহীন ট্রেনের পরিবর্তে এটি যাত্রাপথের বিভিন্ন স্টেশনে থামবে। ফলে নরসিংদী, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনীসহ বিভিন্ন এলাকার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।

নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। ফিরতি পথে ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। পরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

যাত্রাপথে ট্রেনটি নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে যাত্রাবিরতি দেবে। নতুন সময়সূচি কার্যকর হলে ট্রেনটি চট্টগ্রামের কুমিরা স্টেশনে থামবে না।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, লাকসাম থেকে কক্সবাজার রুটে শোভন চেয়ার আসনের সম্ভাব্য ভাড়া ৪০৫ টাকা। স্নিগ্ধা শ্রেণিতে প্রায় ৭৭৭ টাকা এবং এসি বার্থে প্রায় ১ হাজার ৩৯৮ টাকা ভাড়া হতে পারে। তবে বাংলাদেশ রেলওয়ের আনুষ্ঠানিক ভাড়ার তালিকা থেকে ভাড়া নিশ্চিত হওয়া প্রয়োজন। ট্রেনটিতে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ শ্রেণিতে ভ্রমণের সুযোগ থাকবে।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করছে। পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলছে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস।

মহানগর এক্সপ্রেসের নতুন এ সেবা চালু হলে লাকসাম ও আশপাশের এলাকার পর্যটক, ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীদের কক্সবাজার যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে কম খরচে সমুদ্রসৈকত ভ্রমণে আগ্রহীদের জন্য এটি হতে পারে নতুন সুযোগ।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category