February 25, 2026, 4:13 am

লাকসাম শহরে যানজট নিরসনে নয়া উদ্যোগ, ঈদ পর্যন্ত স্বেচ্ছাসেবক মোতায়েনের পরিকল্পনা

Reporter Name
  • Update Time : Monday, February 23, 2026
  • 149 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
লাকসাম শহরের যানজট নিরসনে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কুমিল্লা-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম। ঈদুল ফিতর পর্যন্ত পরীক্ষামূলকভাবে স্বেচ্ছাসেবক মোতায়েনসহ একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে লাকসাম উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যের পরিচিতি সভায় এসব বিষয় উঠে আসে।
সভায় জানানো হয়, আসন্ন ঈদ পর্যন্ত লাকসাম বাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণে মোট ৩৬ জন দায়িত্ব পালন করবেন। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে ২০ জন স্বেচ্ছাসেবক, পৌরসভার ১০ জন কর্মী, লাকসাম থেকে পুলিশ প্রশাসনের ৩ জন এবং কুমিল্লা থেকে আরও ৩ জন সদস্য দায়িত্বে থাকবেন। পুরো কার্যক্রম লাকসাম থানার অফিসার ইনচার্জ সমন্বয় করবেন।
এছাড়া বাজার কমিটিকে তিন দিনের মধ্যে পণ্য লোড-আনলোড এবং রাস্তার ওপর বসা দোকানপাটের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বাজার এলাকায় যানজট কমানো যায়।
সভায় যানজট নিরসনে নতুন একটি প্রস্তাবও আলোচনা করা হয়। প্রস্তাব অনুযায়ী, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯ রঙের পৃথক রিকশা চালু করা হবে এবং নির্ধারিত ওয়ার্ডের বাইরে কোনো রিকশা চলাচল করতে পারবে না। বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাব আকারে উপস্থাপন করা হলে সংসদ সদস্য এ বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করেন। ঈদের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এসময় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের চাহিদা ও উন্নয়ন প্রস্তাবনা তুলে ধরেন। সংসদ সদস্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন এবং অন্যান্য প্রস্তাব ঈদের পর পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান।
সভায় বক্তারা বলেন, লাকসাম শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে শহরের যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হয়।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category