July 6, 2026, 10:23 pm

লাকসামের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন

Reporter Name
  • Update Time : Thursday, June 25, 2026
  • 10 Time View
Oplus_16908288

জি.এম.এস রুবেল, লাকসাম(কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষক ও শিক্ষার্থী বৃহস্পতিবার (২৫ জুন) প্রথমবারের মতো বাংলাদেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ লাভ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ শিক্ষা সফর শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতায় পরিণত হয়।

সংসদ ভবনে পৌঁছে তারা প্রথমে এলডি হল পরিদর্শন করেন। পরে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শনের অংশ হিসেবে তারা বাজেট অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। এছাড়া সংসদের উত্তর ও দক্ষিণ প্লাজা, মনোরম ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সমৃদ্ধ সংসদ গ্রন্থাগার (লাইব্রেরি) পরিদর্শন করেন।

শপথ কক্ষে আয়োজিত একটি ব্রিফিং সেশনে শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী, ইতিহাস এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা গভীর আগ্রহ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

পরিদর্শন শেষে অনুভূতি প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষার্থী সিগমাতুল আজিম জাহিন বলেন, “জীবনে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শন করলাম। ক্রিসেন্ট লেকের সৌন্দর্য এবং বিশাল লাইব্রেরি দেখে আমি অভিভূত। এই অভিজ্ঞতা কখনো ভুলতে পারব না।”

দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু বলেন, “জাতীয় সংসদ ভবন যে এত সুন্দর ও দৃষ্টিনন্দন, তা আমার কল্পনাতেও ছিল না। সরাসরি দেখে আমি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি।”

পরিদর্শনের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত “শুভেচ্ছা বিনিময়” অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের জাতীয় সংসদে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ করে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের গণতন্ত্রের সঠিক চর্চা, দেশপ্রেম, ইতিহাস সম্পর্কে জ্ঞান এবং মেধা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার করে জ্ঞানভিত্তিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় অতিথিরা শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলামও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সফরকালে শিক্ষার্থীরা বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমানসহ মন্ত্রীপরিষদের সদস্য ও বিভিন্ন সংসদ সদস্যকে সরাসরি দেখার সুযোগ পায়।

গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন বলেন, জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার এ সুযোগ শিক্ষার্থীদের গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনা এবং জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরের অংশ হিসেবে শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবনের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেন। অনেক শিক্ষার্থী জানান, এতদিন তারা জাতীয় সংসদ ভবন সম্পর্কে শুধু বই ও টেলিভিশনে জেনেছেন; বাস্তবে এসে তা দেখার সুযোগ পাওয়া তাদের কাছে স্বপ্নপূরণের মতো।

পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষামূলক সুযোগ সৃষ্টি করে দেওয়ায় সংসদ সদস্য মো. আবুল কালাম এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মনির হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, জাতীয় সংসদ ভবন পরিদর্শনের এই অভিজ্ঞতা গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category