জি.এম.এস. রুবেল, লাকসাম (কুমিল্লা): প্রথিতযশা সাংবাদিক ও সাপ্তাহিক আলোর দিশারি পত্রিকার সম্পাদক মরহুম শামসুল করিম দুলালের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করেছে লাকসাম প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে লাকসাম উপজেলার সিংজোড় গ্রামে মরহুমের কবর জিয়ারত করেন প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস. রুবেল এবং সদস্য নাজমুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা।
দোয়া-মোনাজাত শেষে প্রতিনিধি দলের পক্ষে সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ বলেন, “মরহুম শামসুল করিম দুলালের শ্লোগান ছিল— ‘আমরা ভয়কেও ভয় পাই না।’ তিনি ছিলেন একজন সাহসী, আপসহীন ও নীতিবান সাংবাদিক। বর্তমান সময়ে তাঁর মতো নির্ভীক সাংবাদিকের খুব প্রয়োজন। প্রতি বছরের ন্যায় এবারও আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করতে তাঁর কবর জিয়ারত করেছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
এসময় স্থানীয় বাসিন্দারা বলেন, শামসুল করিম দুলাল ছিলেন একজন সৎ, সাহসী ও জনমুখী সাংবাদিক। এলাকার মানুষের সুখ-দুঃখ, অধিকার ও সমস্যা তুলে ধরতে তিনি সবসময় নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গন যেমন একজন সাহসী কণ্ঠস্বর হারিয়েছে, তেমনি এলাকাবাসী হারিয়েছে একজন নিবেদিতপ্রাণ সমাজসেবককে। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন।