জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) : লাকসাম উপজেলা উপজেলার উত্তরদা ইউনিয়নের খিলা উত্তর বাজার রাজাপুর মাজার গেট সংলগ্ন সড়কে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের প্রায় ১০–১৫ মিনিট আগে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৪-৯০০৭) চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন।
নিহতরা হলেন উপজেলার মরহুম মোবারক হোসেন (ওরফে মুব্বা মিয়া)-এর স্ত্রী মোছা. জাহানারা বেগম (৬৫) এবং তার বড় বোন গাজিমুড়া চাড়াবাড়ি এলাকার মরহুম আবুল খায়েরের স্ত্রী মোছা. আনোয়ারা বেগম (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে হতাহতদের উদ্ধারের চেষ্টা করেন। তবে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেন। এ সময় যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়।