কুমিল্লা প্রতিনিধি: বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে কুমিল্লায় আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, মহীয়সী নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর নামে প্রচলিত তালাক ও মোহরানা আদায়ের মামলার বিষয়টি বানোয়াট। তাঁরা এই ঐতিহাসিক ব্যক্তিত্বের সঠিক ইতিহাস সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানান।
গত ১২ এপ্রিল ২০২৬ কুমিল্লায় ‘মহীয়সী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী: জীবন ও কর্ম’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিনয় সাহিত্য সংসদ। এতে বক্তারা বলেন, ব্রিটিশ আমলে পিছিয়ে পড়া সমাজে নবাব ফয়জুন্নেসার অবদান অসামান্য। নারী শিক্ষা বিস্তার, দাতব্য কার্যক্রম ও সমাজ সংস্কারে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও উল্লেখ করেন, বাংলা সাহিত্যেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাঁর রচিত ‘রূপজালাল’ গ্রন্থ এখনও সাহিত্যাঙ্গনে সমাদৃত এবং নারীদের অনুপ্রেরণা জোগায়। তাঁরা পাঠ্যপুস্তকে তাঁর জীবনী ও সাহিত্যকর্ম অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সেমিনারে নবাব ফয়জুন্নেসাকে প্রথাবিরোধী নারী হিসেবে অভিহিত করে বক্তারা বলেন, চরম সামাজিক সংকীর্ণতার সময়ে তিনি দক্ষতার সঙ্গে জমিদারি পরিচালনা করেছেন। বর্তমান প্রজন্মের জন্য তাঁর জীবনাদর্শ অনুসরণ করা জরুরি বলেও মত দেন তারা।
এছাড়া বক্তারা কুমিল্লাস্থ তাঁর বাড়িটিকে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষায় সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সেমিনারের সূচনা হয়। ‘সুস্থ সংস্কৃতি চর্চায় আমাদের দ্বার অবারিত’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের পরিচালক (উপসচিব) কাজী ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল জেলা ৩২৮২-এর প্রাক্তন গভর্নর দিলনাশিঁ মোহসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ।
প্রবন্ধের ওপর আলোচনা করেন সিনিয়র সাংবাদিক ও নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরের কো-অর্ডিনেটর এম এস দোহা এবং ফেনী টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ এ জেড এম ওবায়দুল্লাহ।
সেমিনারে সভাপতিত্ব করেন বিনয় সাহিত্য সংসদের সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও সাহিত্যিক আহাম্মেদ কবীর, ‘যাত্রী’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিধান চন্দ এবং কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর। সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য কামরুন্নাহার জেসমিন।