জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) : কুমিল্লার লাকসামে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ মামুনকে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ মে দায়ের হওয়া লাকসাম থানার এফআইআর নং-৩/৫৪ এবং জি আর নং-৫৪/২২ মামলায় আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে পলাতক আসামি মোহাম্মদ মামুনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মামুনের পিতা মৃত আব্দুল মালেক। তাঁর বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মিশ্রী গ্রামের দক্ষিণ পাড়ায় (মৃত আদম আলীর বাড়ি)।
পুলিশ জানায়, মামলাটি মাদকদ্রব্য সংক্রান্ত। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত, কুমিল্লার প্রসেস নং-১০২/২৬ অনুযায়ী জারি করা পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জংশন মিশ্রী গ্রামের একাধিক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায়ও মামুন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে এলাকায় প্রচলিত অভিযোগ রয়েছে। তাদের দাবি, তিনি এলাকার শীর্ষ মাদক কারবারিদের একজন এবং এই ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। দীর্ঘদিন তাকে গ্রেফতার করা না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছিল। অবশেষে তাকে গ্রেফতার করায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং আদালতের রায়ের যথাযথ বাস্তবায়নের পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বিষয়টি নিশ্চিত করেছেন।