জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) :
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে সামিরা আজিম দোলা ও দলটির মনোনীত প্রার্থী মো. আবুল কালামের রাজনৈতিক মিলে যাওয়া। দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর প্রকাশ্যে এক মঞ্চে এসে দোলা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যের ঘোষণা দেন। এতে নির্বাচনী মাঠে বিএনপির ভেতরে চলমান বিভক্তির অবসান ঘটেছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় আবুল কালামের হাত ধরে ধানের শীষে ভোট চেয়ে দলীয় ঐক্যের বার্তা দেন সামিরা আজিম দোলা। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দলীয় নেতারা জানান, দোলা ও কালামের এই রাজনৈতিক সমন্বয় বিএনপির সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করেছে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এক কাতারে দাঁড়ানোয় নির্বাচনী প্রচারণায় নতুন গতি এসেছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মতে, এই ঐক্য কুমিল্লা-৯ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে। তারা বলেন, ব্যক্তি বা গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করাই এই মিলে যাওয়ার মূল বার্তা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দোলা ও কালামের প্রকাশ্য ঐক্য ঘোষণার ফলে বিএনপির ভোটব্যাংক আরও সংহত হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।