April 21, 2026, 3:37 pm

লাকসামে কৃষকের আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : Tuesday, April 21, 2026
  • 41 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পলকোট গ্রামে এক কৃষকের আধাপাকা ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আশপাশের জমিতে আধাপাকা ধান থাকলেও ভুক্তভোগী কৃষকের জমি সম্পূর্ণ ধানশূন্য।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. শহীদ উল্লাহ কান্নাজড়িত কণ্ঠে জানান, পলকোট মৌজায় তার ১৩ শতক জমিতে ধান চাষ করে আসছেন। জমি চাষ, রোপণ, সেচ ও সার প্রয়োগসহ সব কাজ শেষে ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় তার বড় ভাই আব্দুল লতিফ ৬ ছেলেসহ ৮-১০ জন লোক নিয়ে এসে জোরপূর্বক আধাপাকা ধান কেটে নিয়ে যান। বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা জানান, জমির দাগ নম্বর নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শহীদ উল্লাহ জমিটি ক্রয় করে চাষাবাদ করে আসছেন। অপরদিকে, আব্দুল লতিফ পাশের জমি চাষ করলেও এবার তিনি শহীদের জমির ধানও কেটে নিয়ে গেছেন, যা অনাকাঙ্ক্ষিত। তারা আশঙ্কা করছেন, দ্রুত সমাধান না হলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এ নিয়ে একাধিকবার সালিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় মীমাংসার চেষ্টা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল লতিফের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি পরিবারের সদস্যদের নিয়ে ধান মাড়াই করছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জমিটি আমি শহীদকে বন্ধক দিয়েছিলাম, এখন আর দেব না। আমার ধান আমি কেটে নিয়ে এসেছি।”

লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category