জি.এম.এস রুবেল, লাকসাম, (কুমিল্লা) প্রতিনিধি ॥
গত ২৭ সেপ্টেম্বর নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা নবাব, সমাজসেবক ও শিক্ষানুরাগী নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ১২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে কুমিল্লা বিজ্ঞান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় মাধ্যমিক স্কুল পর্যায়ের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। সভায় সভাপতিত্ব করেন নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ ফজলে ইলাহী ফয়সল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আজাদ সরকার লিটন। দোয়া পরিচালনা করেন দারোগা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইয়াছিন নুরী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু জাফর সালমান, প্রফেসর জাহাঙ্গীর আলম, ক্যাপ্টেন জিয়াউর হাসান মাহমুদ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানী, সাংবাদিক দোহা, সাংবাদিক কামাল উদ্দিন, সাংবাদিক জি.এম.এস রুবেল, কবি নুর জাহান আক্তার, কবি দিল আফরোজা রুনা, সহকারী অধ্যাপক রাহুল তারুণ পিন্টু, কবি মামুন কবির চৌধুরী, অধ্যক্ষ গৌরাঙ্গ দাস, এডভোকেট দীলিপ চন্দ্র, আবু বকর ছিদ্দিক ভূইয়া, এ.টি.এম. মোস্তফা কামাল, একে এম সাইফুল রহমান সুমনসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা নবাব ফয়জুন্নেছার শিক্ষাবিস্তার, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে তাঁর অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, এ মহীয়সী নারী নারীশিক্ষা বিস্তারে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা আজও অনুকরণীয়। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।