জাবি প্রতিনিধি:
ইসলামী বক্তা আমির হামজার সাম্প্রতিক মন্তব্যকে মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে কড়া প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব অভিযোগকে “মনগড়া, ভিত্তিহীন ও অসত্য” বলে অভিহিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, আমির হামজা দাবি করেছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সকালে ‘মদ দিয়ে কুলি’ করা হয় এবং শিক্ষার্থীরা শিক্ষকদের লাঠি দিয়ে প্রহার করেন।
কর্তৃপক্ষ জানায়, এসব অভিযোগের কোনোটিই সত্য নয়। ব্যাখ্যায় উল্লেখ করা হয়, জাহাঙ্গীরনগরে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয় ২০১১ সালে এবং সে বছর থেকেই প্রথমবার শিক্ষার্থী ভর্তি শুরু হয়। ফলে আমির হামজার ভর্তি হওয়ার দাবি একেবারেই অসত্য।
এ ছাড়া আবাসিক হলে মদ দিয়ে কুলি করার বিষয় কিংবা শিক্ষক মারধরের ঘটনা কোনোদিন ঘটেনি বলে স্পষ্ট করে জানায় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মতে, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা নিয়ে গর্ব করা যায়।
প্রশাসনের বিবৃতিতে বলা হয়, দেশের একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং দুঃখজনকও বটে। আমির হামজাকে ভবিষ্যতে এ ধরনের অসধত্য ও উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।