জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামে রিপন হোসেন (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি নাজির আহমেদের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে রিপনের মনোমালিন্য চলছিল। শুক্রবার রাতে বাবার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে তিনি তার কর্মস্থলে গলায় ফাঁস দেন বলে স্বজনদের দাবি।
পরে প্রজেক্টের মালিক আবুল বশর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি রিপনের বাবা একটি গরু বিক্রিকে কেন্দ্র করে পরিবারে বিরোধের সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে রিপন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেন তারা। এছাড়া নিহতের ভাই অভিযোগ করেন, তাদের বাবা নিয়মিত মাদক সেবন করতেন, যা পরিবারে অশান্তির অন্যতম কারণ ছিল।
স্থানীয় বাসিন্দা বাবু মিয়া ও মো. শাহাবুদ্দিন জানান, পারিবারিক অভিমান ও মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, রিপনের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার দিলটিরপাড় এলাকায়। তিনি নানা বাড়িতে থেকে লাকসামের বড়বাম এলাকায় একটি নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন।