জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) : মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কুমিল্লার লাকসামে ইয়াবা মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এসআই নেয়াজ মোহাম্মদ খান এর নেতৃত্বে লাকসাম থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উপজেলার মিশ্রী গ্রাম থেকে মোঃ আজাদ হোসেন (৩৪) নামে ওই আসামিকে গ্রেফতার করে। তিনি লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের মিশ্রী গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আজাদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলায় সাজা পরোয়ানা রয়েছে।
গত ৭ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)১০(ক) ধারার অপরাধে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৪ তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া, ১০ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দে কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালত একই আইনের ৩৬(১) ও ১০(ক) ধারার অপরাধে তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে দুইটি ওয়ারেন্টভুক্ত মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আজাদের শ্বশুর জাফর চলতি বছরের ১ এপ্রিল ২৫০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।