জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
লাকসামে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে লাকসাম উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি নার্গিস সুলতানা বলেন,
“সমাজসেবা শুধু একটি সরকারি কার্যক্রম নয়, এটি একটি মানবিক দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে প্রকৃত অর্থেই একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সমাজসেবা অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
আলোচনা সভা শেষে সমাজসেবামূলক কার্যক্রমে অবদানের জন্য বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। একই সময় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার ও শ্রবণযন্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ এবং লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ। বক্তারা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বছরব্যাপী মানবিক ও সমাজকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে আয়েশা ফাউন্ডেশনের হাতে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া নতুন নিবন্ধনপ্রাপ্ত সংগঠন স্মাইল ফাউন্ডেশনের হাতে ফুল ও সনদপত্র তুলে দেওয়া হয়।