July 4, 2026, 12:27 am

লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Wednesday, June 24, 2026
  • 21 Time View

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসামে ৬ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় মো. মানিক মিয়া (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা বড়বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মানিক মিয়া ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার (২১ জুন) বিকেলে বাকপ্রতিবন্ধী শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যায়। অভিযোগ রয়েছে, দোকানদার মানিক মিয়া শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে তার সঙ্গে শ্লীলতাহানিমূলক আচরণ করেন।

এ সময় শিশুটির মা বাড়ি ফেরার পথে দোকানে মেয়েকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে শিশুটি ইশারা-ইঙ্গিতে ঘটনার বিষয়টি তার মাকে জানায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিশুটির মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করলে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করা হয়। তবে এর আগেই তিনি এলাকা ত্যাগ করেন বলে জানা গেছে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সোমবার (২২ জুন) বিকেলে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ জুন) তাকে কুমিল্লার আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category