April 19, 2026, 3:13 pm

লাকসাম–মনোহরগঞ্জে বিএনপির দুই শীর্ষ নেতার সমঝোতা: তৃণমূলে স্বস্তি

Reporter Name
  • Update Time : Friday, November 14, 2025
  • 399 Time View

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম এবং সাবেক সংসদ সদস্য মরহুম কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলার মধ্যে দীর্ঘদিন ধরে চলা কোন্দল অবশেষে অনেকটা কাটতে শুরু করেছে। দুজনের মধ্যে প্রকাশ্য গ্রুপিং ও উত্তেজনা দলীয় নেতাকর্মীদের মধ্যেও বিভক্তি তৈরি করেছিলো। কিছু এলাকায় এই উত্তেজনা সহিংস রূপ নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি গুরুত্বের সাথে জেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই নেতার সঙ্গে টেলিফোনে আলাদা করে কথা বলেন এবং সবাইকে দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ডাকে মুখোমুখি বসেন আবুল কালাম ও সামিরা আজিম দোলা। বৈঠকে দোলা আনুষ্ঠানিকভাবে আবুল কালামকে সমর্থন জানিয়ে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। দুই নেতার এই সমঝোতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা যায়।

এর আগে গত ৯ নভেম্বর লাকসামের ছনগাঁও এলাকায় গণসংযোগকালে সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার ঘটনায় অন্তত ২০ জন আহত হন। ঘটনার তদন্তে বিএনপি পাঁচ সদস্যের কমিটি গঠন করে। ওই হামলার পর থেকেই দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে চলে আসে।

হামলায় আহত সামিরা আজিম দোলা বলেন,
“তারেক রহমান ভাই আমাকে ফোন করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। দলের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো। ধানের শীষের বিজয়ের জন্য একসাথে কাজ চালিয়ে যাবো।”

মনোনয়নপ্রাপ্ত শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম জানান,
“স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আমাদের দুজনকে ডেকে ঘটনার সবকিছু শুনেছেন। আমরা ধানের শীষের জন্য ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করবো, ইনশাআল্লাহ।”

নেতা–নেত্রীর এই সমঝোতায় আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির লাকসাম–মনোহরগঞ্জ ঘরানায় নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


প্রিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category