জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা):
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সেরা কারাতে প্রতিষ্ঠান হোনকে সোতোকান কারাতে-দো এসোসিয়েশন–এর আয়োজনে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো ৩য় শিহান কাপ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা ২০২৫। গত ১৯ ডিসেম্বর, শুক্রবার চট্টগ্রাম রাইফেল ক্লাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায় সেনসি হারুন অর-রশিদ সুমন–এর নেতৃত্বে লাকসাম সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশন থেকে মোট ৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কাতা ও কুমিতে—এই দুইটি ইভেন্টে অংশ নিয়ে তারা অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে মোট
১টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক ও ১টি ব্রোঞ্জপদক অর্জন করেন।
সফলতা প্রসঙ্গে সেনসি হারুন অর-রশিদ সুমন বলেন,
“এই অর্জন আমাদের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও নিয়মিত অনুশীলনের ফল। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তারা যে আত্মবিশ্বাস ও মনোবল নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই লাকসাম ও কুমিল্লা জেলা থেকে ভবিষ্যতে আরও জাতীয় ও আন্তর্জাতিক মানের কারাতে খেলোয়াড় তৈরি হোক।”
তিনি আরও বলেন,
“লাকসাম উপজেলা কারাতে একাডেমি ও লাকসাম সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশনের পাশে সবাই সহযোগিতা করলে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়েও আমাদের শিক্ষার্থীরা দেশের মুখ উজ্জ্বল করবে।”
এই সাফল্যের মাধ্যমে লাকসাম তথা কুমিল্লা জেলাকে জাতীয় কারাতে অঙ্গনে নতুন করে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছে প্রতিযোগীরা। সংশ্লিষ্টরা লাকসাম উপজেলা কারাতে একাডেমি ও লাকসাম সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশন–এর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন।